Alokananda Roy:‘সমাজে যাঁরা মাথায় আছেন তাঁরা বিকৃত হয়ে গেছেন… ছেলেবেলায় বাড়িতে সব পুরুষ কর্মচারী, আমরা তিন বোন,কোনোদিন তারা আমাদের সঙ্গে অশালীন আচরণ করেননি…’ বর্তমান সমাজের বিভিন্ন ঘটনা, দুর্নীতি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অলকানন্দা রায়।
বাংলা টেলিভিশন জগতের পরিচিত মুখ অভিনেত্রী অলকানন্দা রায়। কখনও ঠাকুমা, তো আবার কখনও পিসিমার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন দর্শকদের। তবে এবার বর্তমান সমাজের পরিবর্তিত রূপ নিয়ে নিজের মতামত জানালেন অভিনেত্রী।
বর্তমান সমাজ ও তার পরিবর্তন যেকোনো মধ্য বয়সী অথবা প্রৌঢ় মানুষের চোখে পড়ার বিষয়। বেশ কিছুদিন আগে সমাজ এবং সমাজের বিভিন্ন ঘটনা নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায় জনপ্রিয় নৃত্যশিল্পী মমতা শঙ্করকে। এরপর একাধিক ট্রোল এবং কটাক্ষের বান ধেয়ে আসে নৃত্যশিল্পীর উদ্দেশ্যে। এরকমই এবার জনপ্রিয় অভিনেত্রী অলকানন্দা রায়কে বর্তমান সমাজের উচ্চস্তরের মানুষদের নানা দুর্নীতি,সমাজ ও তার পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে শোনা গেল।
নিজের বাড়ির উদাহরণ দিয়ে অভিনেত্রী বললেন, “আমাদের বাড়িতে কোনো মহিলারা কাজ করতেন না তখন, সবকিছু পুরুষরাই করতেন। মহিলারা কাজ করুক বাবা একদম পছন্দ করতেন না। নাম বলতেন না, বলতেন, ওই স্ত্রী লোকটিকে বলো আমি অফিস থেকে ফেরার আগে বাড়ি চলে যেতে। আমার বাবা খুব বিরক্ত হতেন বাড়িতে মেয়ে ঘুরঘুর করছে দেখলে।”
বাড়িতে এতগুলো পুরুষ কর্মচারীর মাঝেও কোনোদিন কি কোনো পুরুষ দ্বারা নির্যাতিত হতে হয়েছিল অভিনেত্রীকে?
তিনি জানান, “বাড়ি ভর্তি পুরুষ কর্মচারী আর এদিকে আমরা তিন বোন। অথচ কোনোদিনই কোনো ধরনের শারীরিক নির্যাতন বা শিশু নির্যাতনের মত ঘটনা ঘটেনি আমাদের সঙ্গে।” এর সঙ্গে তিনি যোগ করেন,”মানুষের কিন্তু মন অনেক পরিষ্কার ছিল। এক-আধজন তো অবশ্যই খারাপ থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যথেষ্ট ভালো মনের মানুষেরা থাকতেন। বিকৃত মনের মানুষ কম ছিল, সমাজটা অনেক পরিষ্কার ছিল।”
আগেকার দিনের মানুষের, কথা দিলে কথা রাখার মত ক্ষমতা ছিল। যেটা ইদানিংকালে যথেষ্ট কম চোখে পড়ে অভিনেত্রীর। নিজের বাড়ির আরও এক ঘটনার বিবৃতি দিয়ে তিনি বলেন,”আজকের সকালে আমার বাড়ির কাজের মেয়েটিকে আমার স্বামী মাসের মাইনেটা দিয়েছেন। কিছুক্ষণ পরেই ও বাড়িতে এসে বেল বাজিয়ে একটা ৫০০ টাকার নোট আমাকে দিয়ে গেল।” ওই ৫০০ টাকার বাড়তি নোট সেই মহিলার বেতনের সঙ্গে চলে গিয়েছিল। খুব দুঃখের বিষয় সমাজে যারা ওপরে আছেন মাথায় আছেন তাঁরা বিকৃত হয়ে গেছেন। এরা হয়নি।”