Dev-Subhashree:দেবের প্রশংসায় শুভশ্রী… মেগাস্টারের উত্তর ধেয়ে এল বিদ্যুতের মত! বরফ গলার পর আবার কি অন্তরঙ্গতা বাড়ছে দেব-শুভশ্রীর?
বাংলা চলচ্চিত্র দুনিয়ায় ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে জনপ্রিয় টলিউড তারকা দেব-শুভশ্রী অভিনীত “ধূমকেতু”। রিলিজের দিন ইতিহাস গড়েছে এই সিনেমা। তারপরেই বক্স অফিসে ঝড় উঠেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধূমকেতু’ নিয়ে। দশ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুভমুক্তি হয়েছে ‘ধূমকেতু’র। উত্তেজনায় এবং আবেগে ভক্তদের বিপুল অংশ নেমেছে রাস্তায়। ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি। যাবতীয় টলিউড সিনেমার রেকর্ড ভেঙে প্রথম দিনেই ছবি ব্যবসা করে নিয়েছে ২কোটির বেশি! তবে এই হ্যাংওভার কাটার আগেই আবারও দেব-শুভশ্রীর এক বিশেষ মুহূর্ত নজর কাড়ল ভক্তদের।
স্বাধীনতা দিবসের দিনেই টিজার লঞ্চের মাধ্যমে পুজোয় মুক্তি পেতে চলা দেব অভিনীত, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি ‘রঘু ডাকাত’-এর কিছু অংশ সামনে এসেছে। এবারের পুজোতে একসাথে লঞ্চ হতে চলেছে দেবের ‘রঘু ডাকাত’, শ্রাবন্তী অভিনীত ‘দেবী চৌধুরানী’, অঙ্কুশ-আবির-মিমি-কৌশানি অভিনীত উইন্ডোজ এর ‘রক্তবীজ ২’। তবে স্বাধীনতা দিবসের দিনে ‘রঘু ডাকাত’-এর টিজার মুক্তিতে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই টিজার শেয়ার করেছেন টলিউড মেগাস্টার। ক্যাপশনে, “বিদ্রোহ যার শিরায়…প্রতিশোধ যার রক্তে, রঘু ডাকাত আসছে…”। তবে এই টিজার যে চোখ এড়ায়নি ভানুর ‘রূপা’ অর্থাত্ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের, সেটিও পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলী। ‘ধূমকেতু’র রমরমার সময়েই প্রকাশ্যে এসেছে ‘রঘু ডাকাত’ -এর টিজার। আর সেই টিজার শেয়ার করেই শুভশ্রী গাঙ্গুলী লেখেন, ‘যখন ভানু হয়ে ওঠে রঘু। অসাধারণ। অনেক শুভেচ্ছা দেব, মহেন্দ্র সোনিকে’। এর পরিপ্রেক্ষিতে কমেন্ট এসেছে দেবের, ‘ধন্যবাদ বন্ধু’।
দেব শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্কের মাঝে জটিলতা ও বরফ গলেছিল ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চের দিনেই। যা আরও একবার প্রমাণিত হল তাঁদের কথোপকথনে। একসঙ্গে আনন্দের গল্পে মেতে ছিলেন জনপ্রিয় তারকা জুটি। আর এবারে দেব-শুভশ্রীকে ‘বন্ধু’ বলে সম্মোধন করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাহলে কি এবার আস্তে আস্তে তাদের সম্পর্কের সমীকরণে বদল আসছে? দেব-শুভশ্রী অভিনীত আগামী কোনো ছবি কি তাহলে ভক্তরা আশা করতে পারেন? সবই এখন সময় বলবে।