Koneenica Banerjee:”বোটক্স করাতেই হবে?নিজের সৌন্দর্য বিকৃত করার খুব কী দরকার আছে?…” বোটক্স, ফিলার্স প্রসঙ্গে অভিনেত্রী কনীনিকা ব্যানার্জীর ভিন্ন মত
ইদানীং বলিউড থেকে টলিউড প্রত্যেক অভিনেত্রী সৌন্দর্য বাড়াতে কৃত্রিম পন্থা অবলম্বন করছেন। যার ফলে হারিয়ে ফেলছেন তাঁদের স্বাভাবিক সৌন্দর্য। কারোর ঠোঁট ফুলে যাচ্ছে তো কারোর মুখ,কেউ আবার নাক ঠিক করান,যার জেরে নেটিজেনদের ট্রোলের শিকার হচ্ছেন তাঁরা। টলিপাড়ার নায়িকাদের অনেকেই নাকি বোটক্স, ফিলার্স করান। কিছুদিন আগেই অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে এই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। দাবি ছিল তিনি নাকি ঠোঁটে কিছু করিয়েছেন। এছাড়াও মিমি চক্রবর্তী, নুসরত জাহানসহ বহু অভিনেত্রীকে এমন কথা শুনতে হয়েছে। যদিও এগুলি তাঁদের ব্যক্তিগত বিষয় এমনটাই জানান তাঁরা। তাই এই বিষয়ে কে, কী বলল তাঁদের যায় আসে না।
সম্প্রতি এমনই একটি ‘বিউটি ক্লিনিক’-এর মুখ হয়েছেন অভিনেত্রী কনীনিকা। সেখানে গেলেই নাকি সৌন্দর্য বাড়ানোর নানা উপায় পাওয়া যাবে। তিনিও কি এই কৃত্রিম সৌন্দর্যর বিষয়ে একমত! অভিনেত্রী জানান,তিনি এসবের একদম ঘোর বিরোধী।
কনীনিকা বললেন,”বোটক্স করাতেই হবে, সেই প্রয়োজনীয়তা আমি অনুভব করি না। তবে এই যে ক্লিনিকের সঙ্গে আমি যুক্ত হয়েছি, সেখানে যাতায়াতের ফলে বুঝেছি, নিজেকে সময় দেওয়া জরুরি। সাজিয়ে রাখা জরুরি। তাতে আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে যায়।” কিন্তু চামড়া ঝুলে গেলে তা সূচ ফুটিয়ে ঠিক করার মতো সাহস যে তাঁর নেই, তিনি এত সাহসী নন,জানালেন কনীনিকা।