Jeet-Ankush:টলিউডের ‘বস’ সুপারস্টার অভিনেতা জিৎ। শুধু তাঁর সিনেমার জন্য নয়, তাঁর ব্যবহার,কথাবার্তার ফ্যান হাজার হাজার মানুষ। এমনকি তাঁর ভক্ত অভিনেতা অঙ্কুশ হাজরা(Ankush Hazra) নিজেই। বাংলা সিনেমার দুই উজ্জ্বল তারকা জিৎ ও অঙ্কুশ। টলিউডের অন্যান্য তারকাদের মধ্যে যেখানে রেষারেষি সেখানে এই দুই তারকার মধ্যে বন্ধুত্ব বেশ নিবিড়।
ইতিমধ্যেই অভিনেতা অঙ্কুশ হাজরা ‘রক্তবীজ ২’-তে(Raktabeej 2) ‘মুনির আলম’ চরিত্রে অভিনয় করে সব দর্শকের নজর কেড়েছেন। পুজোর সময় বক্স অফিস কাঁপিয়েছেন তিনি। এই ছবির মাধ্যমে আলাদা জায়গা করে নিয়েছেন অঙ্কুশ। অনুরাগীরা ইতিমধ্যেই অঙ্কুশকে টলিপাড়ার নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করছেন, যিনি প্রতিটি নতুন চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে সক্ষম। তবে এই সাফল্য একদিনে আসেনি। একসময় নাকি একেবারেই মনের জোর হারিয়ে ফেলেছিলেন তিনি। সেই সময় কামব্যাক করতে সাহায্য করেছিলেন সুপারস্টার জিৎ। জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতে তাঁরা পাশে ছিল।
এই প্রসঙ্গে অঙ্কুশ জানান,”আমার জীবনের ওঠাপড়ার সময়,যে সময় মনে হয়েছিল আমার আর কিছু হবে না,আমার হয়তো সময় শেষ,সেই কথা আমি জিৎদাকে বলেছি। অনেকেই হয়ত ভাববে কি করে তাঁর কলিগকে বলতে পারে,কিন্তু আমি বলেছিলাম। জিৎদা, যীশুদাকে বলেছি। এই কজন মানুষ আমার পরিবারের মতন। পুরোটা নাহলেও ওরা সব জানে। আমি কোনোদিন ফিল্টার রেখে কথা বলিনি। অন্যদের ব্যাপারেও,এমনকি নিজের ব্যাপারেও।”
এছাড়াও অভিনেতা জিতের সাথে তাঁর বন্ধুত্ব কেমন? সেই প্রসঙ্গে নায়ক জানান,”ঘণ্টার পর ঘণ্টা ফোন করলে চার ঘণ্টা কখন কেটে যায় বুঝিনা। প্রত্যেকদিন জিৎদার সঙ্গে ফোনে কথা হয়। কোনো কথা নেই শুধু, হুমমম,কোনো টপিক নেই, কিছুক্ষণ পর এবার হুমমম বলো। টপিক কিছুই নেই,কিন্তু ফোন ছাড়তে ইচ্ছা করছে না। এটাই হল জিৎদা।”
জীবনের কঠিন সময়ের সাক্ষী থেকেছেন সুপারস্টার জিৎ,এমনটাই জানান অভিনেতা। তাঁর এই মন্তব্যে সমাজমাধ্যমের পাতায় উঠে এসেছে মিশ্র প্রতিক্রিয়া।