Sweta Bhattachary:“উনি তো এসবের থেকেও বড়ো ‘দি সাই পল্লবী’….উনি কি ধরনের পোশাক পরেন বা উনি কি নীতি মেনে কাজ করেন,সত্যি আমার সেটা জানা নেই…” পোশাক নিয়ে করা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের নানান মন্তব্য সোশ্যাল মিডিয়া জুড়ে বিতর্কের ঝড় সৃষ্টি করেছে,এরই মাঝে ট্রোলারদের মোক্ষম জবাব দিতে ছাড়লেন না অভিনেত্রী।
বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ শ্বেতা ভট্টাচার্য। বর্তমানে পোশাক নিয়ে বিতর্কের মুখে তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যর করা একটি মন্তব্য ভাইরাল হয়েছে। যেখানে তিনি বলেছেন স্লিভলেস ও ছোটো পোশাক পরতে খুব একটা পছন্দ করেন না তিনি। কাজের ক্ষেত্রে তাঁকে এই ধরনের পোশাক পরতে বলা হলে তিনি সাফ ‘না’ জানিয়ে বলেছিলেন,”আমাকে যদি শরীর দেখিয়ে কাজ করতে হয় তাহলে আমি কাজটা করব না। আমি এখানে ট্যালেন্ট বেচতে এসেছি, শরীর না।” দীর্ঘ ১৬ বছর ধরে বাংলা ধারাবাহিকে কাজ করছেন তিনি। এখনও তিনি এই সিদ্ধান্তে অনড় থেকেছেন। অভিনেত্রীর এই চিন্তাভাবনাকে অনেকেই কটাক্ষ করেছেন।
এই বিতর্কের সূত্রপাত হয়েছে একটি অনুষ্ঠানে। সেখানে গিয়ে অভিনেত্রী শ্বেতা বলেন, “আমি কখনও হাতাকাটা ব্লাউজ পরব না, কখনও ছোট জামা পরব না। কারণ আমি শরীর বেচে রোজগার করতে আসিনি। প্রতিভা বিক্রি করতে এসেছি।” তাঁর এই মন্তব্যে টলিপাড়ার বেশ কিছু অভিনেত্রী তাঁর নাম না করে নানা ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। তবে যাঁরা এই ধরনের পোশাক পড়েন তাঁদেরকে নায়িকা অসম্মান করতে চাননি। বরং তাঁদের ভালোই দেখতে লাগে এমনটাই জানান অভিনেত্রী। শ্বেতার কথায়, “কে কী পরবে সেটা আমি কেন বলে দেব? আমি পরিবার সংসার নিয়ে থাকতে ভালবাসি। এই তো মিশমি কী সুন্দর সব পোশাক পরে। ওকে মানায়, চমৎকার লাগে দেখতে। আমাকে সেই ধরনের পোশাক মানায় না, তাই পরি না। কেউ যদি আমার পিছনে কিছু বলে সেটা তাঁর রুচি।”
তবে অনেকেই তাঁকে আবার দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে তুলনা করেছেন। কারণ, সাই পল্লবী পর্দায় হাতকাটা ব্লাউজ পরেন না, স্বল্প পোশাক পরেও কখনও দেখা যায়নি তাঁকে। যে কোনও অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে কেবলমাত্র শাড়ি পরেই। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন “আমি সত্যিই সাই পল্লবীকে চিনি না। ওঁর কোনও ছবিও দেখিনি। রুবেল সদ্য ছবি দেখাল ওঁর।” তাঁর এহেন মন্তব্যে অনেককেই তাঁর দিকে কটাক্ষের বান ছুঁড়ে দিয়েছে। সত্যি তিনি সাই পল্লবীকে চেনেন না? আপনি কি এমন বড় মাপের অভিনেত্রী? এই প্রসঙ্গে তাঁকে নিয়ে চলতে থাকা লাগাতার এই ট্রোলের এবার জবাব দিলেন শ্বেতা।
সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি। বেশ কড়া ভাষায় বলেন,”আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ কিছুদিন আগে একটি সংবাদমাধ্যম থেকে আমাকে ফোন করা হয় ইন্টারভিউর জন্য। একটা পডকাস্টে কিছু কথা বলেছিলাম সেটা নিয়ে। সেইসব কথা আমি এখন উল্লেখ করতে চাই না। কিন্তু অস্বীকৃত পোর্টালগুলোতে লেখা হচ্ছে যে সাই পল্লবী কে?আমি নাকি এই ধরনের কথা বলেছি। আপনারা দয়া করে আমার ইন্টারভিউটা পুরোটা পড়ে নিন। আমি সত্যি কি বলেছি দেখে নিন। আমি এটাই বলেছি যে সাই পল্লবী,উনি আমার থেকে অনেক দক্ষ একজন অভিনেত্রী, অনেক বেশি ওঁনার পপুলারিটি। অনেক বেশি ওঁনার অনুরাগীর সংখ্যা। আমি সামান্য একজন টলিউড ইন্ডাস্ট্রিতে সিরিয়াল করি। আমি এটাও বলেছিলাম ওই পডকাস্টে আমি শুভশ্রীদিও নই, শ্রাবন্তীদিও নই, আমি কোয়েলদিও নই, যে আমার জন্য প্রোডিউসাররা বসে আছে। আর সাই পল্লবী, উনি তো এসবের থেকেও বড়ো ‘দি সাই পল্লবী’। আমি তো কোনোদিনই কাউকে নিয়ে কিছু বলি না। ওটা আমার শিক্ষাই নয়। আমরা সহজে সবকিছু ভাইরাল করে মানসিকভাবে কাউকে বিধ্বস্ত করতে বা অন্য আরও কিছু করতে পারি।”
তিনি আরও বলেন,”আমার দক্ষিণী ছবি খুব কম দেখা হয়। দেখা হয় না বললেই চলে। দক্ষিণী ছবির প্রতি আমি যে খুব বেশি আগ্রহী সেরকমটা নয়। আমি ছাপোষা বাঙালি একটা মেয়ে। আমি বাংলা ছবি দেখে বড় হয়েছি। হিন্দি ছবি দেখা শুরু করেছি অনেকদিন পর থেকে। ‘রাজা হিন্দুস্তানি’ প্রথম হিন্দি ছবি আমি দেখেছিলাম। তারপরেই মাঝে মাঝে হিন্দি ছবি দেখা। অনেক এমন ছবি আছে সবাই দেখেছে ভীষণ জনপ্রিয়, আমার দেখা হয়নি। আমার রুবেলের সাথে এমন কথা হয় তুমি এই ছবিটা দেখনি? আমি বলি না দেখিনি। সেটা গরিবিয়ানার জন্য হোক বা হিন্দি তখন বুঝতে পারতাম না সেই কারণে, যেই কারণেই হোক। কিন্তু এখন হিন্দি বাংলা ছবি দেখি। খুবই ভালোবাসি বাংলা ছবি দেখতে। কিন্তু দক্ষিণী ছবির প্রতি আমার আগ্রহটা একটু কম। হয়ত সেটা পড়ে গিয়ে দেখার আগ্রহটা বাড়বে। আর উনি সাই পল্লবী কি ধরনের পোশাক পরেন বা উনি কি নীতি মেনে কাজ করেন বা কোন ইভেন্টে গেলে কি ধরনের সাজ পোশাক পরেন, সত্যি আমার সেটা জানা নেই। আমি সেই কথাটাই বলেছি যে সেটা আমার জানা নেই। আর আমি তো খুবই নগণ্য একটা মানুষ। আমি কাউকে কোনোদিনই নকল করিনি। আমি এর মত হব সেটা ভাবিনি। আমি চিরকাল ছোটবেলা থেকে একজনকেই নকল করার চেষ্টা করতাম সেটা হলেন মাধুরী দীক্ষিত। ওঁনার নাচ এবং ওঁনার এক্সপ্রেশন অসাধারণ। আমি এটাও জানি যে সাই পল্লবীও একজন বড় ড্যান্সার। এঁনারা অনেক অনেক বড় মাপের অভিনেত্রী। তাঁদেরকে নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই। এটা আমার মূর্খামি হতে পারে যে আমি সাই পল্লবীর কোনো ছবি নামি দেখিনি। কিন্তু যেভাবে আপনারা ছড়াচ্ছেন দয়া করে সেটা বন্ধ করুন। আমি আমাকে নিয়ে কথা বলেছি। কোনোদিন কাউকে নিয়ে কথা বলিনি। তাই কে কি বলছে আমার কোন যায় আসে না। কিন্তু হ্যাঁ,’দি সাই পল্লবী’কে নিয়ে যেহেতু কথা হচ্ছে বলেই দিই আপনারা একটু পুরো ইন্টারভিউটা পড়ে নিন।”