Prosenjit Chatterjee:“সব সংসারে ঝগড়া হয়, ঝগড়া হবে আবার মিটে যাবে এটাই হয়…” কার সাথে ঝগড়ায় জড়িয়ে পড়লেন প্রসেনজিৎ চ্যাটার্জী
টলিউড ইন্ডাস্ট্রিতে চলছে এখন হাড্ডাহাড্ডি লড়াই। পূজার সময় আসছে একঝাঁক ছবি। কোনটা ছেড়ে কোনটা দেখবেন দর্শক তা নিয়ে চলছে আলোচনা। এর মাঝেই কিছুদিন আগেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমার শো পাওয়া নিয়ে প্রতিবাদ হয়েছিল গোটা টলিউড ইন্ডাস্ট্রি। সেই সমস্যার সমাধান হওয়ার পরেই এবার নিজেদের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েছেন পরিচালক, প্রযোজক বা অভিনেতা-অভিনেত্রীরা।
এবছর পুজোতে আসছে ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরানী’ এবং ‘যত কাণ্ড কলকাতাতে’। কিন্তু এই চারটি ছবির মধ্যে কোনটি কতগুলি শো পাবে তা নিয়েই তৈরি হয়েছে বিবাদ। অন্য ছবির তুলনায় ‘রঘু ডাকাত’ বেশি শো পাচ্ছে বলে অভিযোগ অন্য ছবির পরিচালক, প্রযোজকদের।
এবার এই বিষয়েই মুখ মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী। তাঁর অভিনীত ‘দেবী চৌধুরানী’ও মুক্তি পেতে চলেছে। বাকি সবার মত তিনিও কী একই পথে হাঁটছেন? তিনি জানান,”আমাকে একটা সংসার দেখাও যেখানে ঝগড়া হয় না। সব সংসারে ঝগড়া হয়। ঝগড়া হবে আবার মিটে যাবে এটাই হয়। প্রতিবার পুজোতেই এটা হয়। ঝগড়াঝাঁটি মান-অভিমান চলতেই থাকে। সবকিছু আবার ঠিক হয়ে যায়।
আমি তো কোনও প্রযোজক নই। আমি শুধুই একজন অভিনেতা। আমাকে আমার প্রযোজক যা বলবেন আমাকে তাই করতে হবে। আমাকে যদি ঘোড়ায় চড়তে হয় তাই চড়ব, যদি নদীতে সাঁতার কাটতে হয়, যদি উড়তে হয় সবকিছুই আমি করব মানুষের কাছাকাছি পৌঁছানোর জন্য।”
অভিনেতা আরও বলেন, “তবে বাংলা ছবি দুর্গাপুজোয় চলে। এটা প্রত্যেকবারেই হয়। চারটে ছবি, সবকটি চলবে। পুজোয় বাঙালিরা বাংলা ছবি দেখতেই পছন্দ করেন। কারও নম্বর বেশি আসবে কারও কম। তবে আমি এইটুকু বলতে পারি, যে শেষে থাকবে তার নম্বরে কম হবে না। সবাই কমবেশি ভালোই ব্যবসা করবে।”