Koel-Indrajeet:আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরেই মায়ের আগমন। মহালয়া মানেই দুর্গা পুজোর আগমনীর সুর বেজে ওঠে। সময়ের সাথে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখে থাকেন মহিষাসুর বধ।
প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। এবার স্টার জলসায় পর্দায় মহিষাসুরমর্দিনী রূপে হাজির হয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। ‘মাতৃরূপেণ সংস্থিতা’ নামে আসছে এবারের মহালয়া। এই বছর দেবীর আগমন হবে গজে।
কোয়েল মল্লিকের পাশে অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে দর্শক ‘শিব’ রূপে দেখতে চলেছেন। প্রথমবার শিব রূপে পর্দায় হাজির হতে চলেছেন তিনি। তাই দর্শক তাঁকে এই রূপে কিভাবে গ্রহণ করবেন সেটাই দেখার জন্য অধীর আগ্রহে আছেন। তিনি জানান,” এটা আমার সবথেকে প্রিয় একটি চরিত্র। আমার সবথেকে আইকনিক,হিরোইক চরিত্র কোনটি প্রথমে? যদি কেউ জিজ্ঞেস করে তাহলে মহাদেব আমার কাছে সবসময় আগে। সবাই বলছে মহাদেব রূপে আমাকে খুব ভালো লাগছে। তাণ্ডবের দৃশ্যটা নিয়ে আমার একটু ভয় ছিল কারণ আমি খুব একটা ভালো নাচতে পারিনা। তাও চেষ্টা করেছি খুব ভালোভাবে করার। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের অসম্ভব ভালো লাগবে।”