Aratrika-Shruti:পর্দায় তাঁরা একে অপরের বিরুদ্ধে দাঁড়ালে এক ইঞ্চি জমিও ছাড়েন না। সংলাপ, দৃষ্টি, অভিব্যক্তি সবকিছুতেই থাকে প্রতিযোগিতার তীব্রতা। কিন্তু ক্যামেরা বন্ধ হতেই সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গা নেয় নিখাদ স্নেহ। জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাঁটা(Jowar Bhanta)-র সেটে এমনই এক অন্দরমহলের মুহূর্ত সম্প্রতি সামনে এসেছে, যা দেখে মুগ্ধ দর্শক থেকে টলিপাড়ার অন্দর সকলেই। দুই বোন চরিত্র উজি ও নিশার অফস্ক্রিন সম্পর্ক যে কতটা আন্তরিক, তার প্রমাণ মিলেছে একটি ভাইরাল ছবিতে। ‘ঘটনার সূত্রপাত একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে। বর্ষীয়ান অভিনেতা সপ্তর্ষি রায়(Saptarshi Ray) নিজের প্রোফাইলে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, সেটের ফাঁকে আরাত্রিকা(Aratrika Maity) কোলে তুলে নিয়েছেন শ্রুতি(Shruti Das)-র পা, পরম যত্নে টিপে দিচ্ছেন। দৃশ্যটি নিছক সহানুভূতির নয়, বরং গভীর বন্ধুত্ব ও সহমর্মিতার পরিচায়ক। ছবির সঙ্গে সপ্তর্ষির ক্যাপশনও ছিল প্রশংসায় ভরা। তিনি লেখেন, অভিনয়ের সময় আরাত্রিকা ও শ্রুতি কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়েন না। কিন্তু একজনের পায়ে ব্যথা হলে অন্যজন যেভাবে ভালোবাসা দিয়ে সেবা করেন, তা সত্যিই শ্রদ্ধার। তাঁর কথায়, প্রতিযোগিতা অভিনয়ের মধ্যে থাকুক, সম্পর্কের মধ্যে নয় এই সংস্কৃতিই শিল্পের আসল শক্তি।
ধারাবাহিকে আরাত্রিকা অভিনয় করছেন উজি চরিত্রে, আর শ্রুতি নিশা রূপে। গল্পে দুই বোনের সম্পর্ক জটিল, টানাপোড়েন ভরা। প্রতিদিন সন্ধ্যায় তাঁদের অভিনয়ের দ্বৈরথ দর্শককে টানটান উত্তেজনায় রাখে। কিন্তু সেই টানাপোড়েন যে কেবলমাত্র চরিত্রের প্রয়োজনে, বাস্তবে নয় সেটাই যেন প্রমাণ করল এই একটি ছবি। ক্যামেরার সামনে পেশাদার লড়াই, আর ক্যামেরার বাইরে প্রাণের টান দুইয়ের এই সহাবস্থানই যেন ‘জোয়ার ভাঁটা’র সেটের বিশেষত্ব।
ছবিটি প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঝড় ওঠে। প্রথমে মজার ছলে প্রতিক্রিয়া দেন বড় দিদি নিশা ওরফে শ্রুতি। তিনি লেখেন, “কখন যে তোলো এসব ছবি কে জানে! লোকে না ভেবে বসে কী না কী খাটাই মেয়েটাকে!” এই মন্তব্যে যেমন আছে খুনসুটি, তেমনই রয়েছে আন্তরিকতার ছোঁয়া। পরক্ষণেই তিনি সপ্তর্ষিকে ধন্যবাদ জানিয়ে লেখেন, “থ্যাঙ্ক ইউ দাদা, এত ভালোবাসা আর সম্মান দেওয়ার জন্য।” তাঁর কথায় স্পষ্ট, সহকর্মীর এই স্বীকৃতি ও স্নেহ তাঁর কাছে বিশেষ মূল্যবান।
অন্যদিকে ছোট বোন উজি ওরফে আরাত্রিকাও চমকে গিয়েছিলেন এই ‘সারপ্রাইজ’ পোস্টে। কমেন্ট বক্সে তিনি লেখেন, “মাই গুড… তুমি পারোও বটে!” সংক্ষিপ্ত এই মন্তব্যেই ধরা পড়ে তাঁর আপ্লুত হওয়ার অনুভূতি। স্পষ্ট বোঝা যায়, সেটে তাঁদের সম্পর্ক কেবল সহ-অভিনেত্রীর নয়, বরং পরিবারের মতোই ঘনিষ্ঠ।
সপ্তর্ষি রায়ের পোস্টে আরও একটি বিষয় বিশেষভাবে উঠে আসে বর্তমান প্রজন্মের শিল্পীদের কাজের প্রতি নিষ্ঠা ও শৃঙ্খলা। তিনি প্রকাশ্যে আরাত্রিকা ও শ্রুতির পেশাগত মনোভাবের প্রশংসা করেন। তাঁর মতে, অভিনয়ে প্রতিযোগিতা থাকাটা স্বাভাবিক এবং প্রয়োজনীয়ও। কারণ সেই প্রতিযোগিতাই শিল্পকে ধারালো করে, চরিত্রকে প্রাণবন্ত করে তোলে। কিন্তু ব্যক্তিগত সম্পর্কে যেন তার কোনও ছাপ না পড়ে এই ভারসাম্য বজায় রাখাই একজন প্রকৃত শিল্পীর পরিচয়। তাঁর চোখে এই দুই অভিনেত্রী সেই পরীক্ষায় উত্তীর্ণ।