Nusrat Jahan:“বিয়ে তো আমি করেছি! বন্ধুত্ব তৈরি করার আর জায়গা নেই, আমরা চেষ্টা করেছি, আমরা পারিনি…” নিজের ব্যক্তিগত জীবন, যশের বড় ছেলে, মিমি আর অঙ্কুশের সঙ্গে বন্ধুত্ব নিয়ে কী বললেন নুসরাত জাহান? যশের সঙ্গে কি দূরত্ব কমল?
এই বছরের দুর্গা পূজোর ধামাকা নিয়ে এসেছে উইন্ডোজ প্রোডাকশনের ‘রক্তবীজ ২’ ছবির দুর্দান্ত আইটেম গান “অর্ডার ছাড়া বর্ডার পার”। ইতিমধ্যেই এই গান ঝড় তুলেছে দর্শকদের মনে। এর মধ্যেই নুসরাত জাহানকে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, মিমি এবং অঙ্কুশ-এর সঙ্গে বন্ধুত্ব, এমন কি যশের প্রথম ছেলেকে নিয়েও বিভিন্ন কথা বলতে শোনা যায়। কিছুদিন আগেই নুসরাত এবং যশের সম্পর্কের সমীকরণ নিয়ে একাধিক জল্পনা উঠে এসেছিল সমাজমাধ্যমের পাতায়। সেই সম্পর্কেই খোলামেলা কথা বলে তাঁর ভক্তদের বুঝিয়ে দিলেন সঠিক ঘটনা।
নুসরাত বলেন, ‘নুসরাত মানেই বিতর্ক-কিন্তু যারা সমালোচনা করেছেন, তারা আমার সমস্যার কথা জানেন না। আর যা প্রকাশ্যে বলা হয় তার বেশিরভাগই অর্ধসত্য বা অনেক সময়ে শুধুই গুজব।’ পাঁচ বছর আগের তুলনায় এখন অনেকটাই পরিণত নুসরাত জাহান। বাংলা টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম হওয়ার পাশাপাশি প্রাক্তন সাংসদ হিসেবেও তাঁর পরিচিতি যথেষ্টই। এবার ‘আইটেম গার্ল’ নুসরাত জাহান নিজের ব্যক্তিগত জীবন, রাজনীতি এবং বন্ধুত্ব নিয়ে খোলাখুলি আলোচনা করলেন।
এদিন সাক্ষাৎকারে নুসরাতকে বলতে শোনা যায়, ‘যশের সঙ্গে সম্পর্কে জড়ানোর সময়েই আমি জানতাম, যশ এক সন্তানের বাবা। হ্যাঁ, পরিস্থিতি বুঝতে, চিনতে সময় লাগে। সেই সময়টা নিয়েছিলাম।’ নিজের ছেলেকে তার বড় দাদার কাছে রেখে যেতে, একটুও দ্বিধান্বিত হন না অভিনেত্রী। নিজের সন্তান না হলেও যশের বড় ছেলে ঈশানের বড় ভাইয়ের দায়িত্ব পালন করে এবং তারা দুজন একসাথেই বড় হচ্ছে, বলে জানালেন নুসরাত। সমাজ যাই বলুক না কেন সব মিলিয়েই তাঁদের পরিবার।
একসময় খবর হয়েছিল নুসরাত বিয়ে করে বলেছে, বিয়ে করেনি। এই বিষয়ে অভিনেত্রী জানান, “আগে কোনোদিন এই বিষয়ে কথা বলতে চাইনি। আজ বলছি। আমাকে ভুল বোঝা হয়েছিল। আমি কিন্তু এই কথা একবারও বলিনি। আমি কি মূর্খ? বিয়ে করে সংসদে গিয়ে ঘোষণার পরে বলব, বিয়েটাই হয়নি! তাহলে আমার তো পাগলাগারদ থেকে ঘুরে আসা উচিত ছিল। অন পেপার হোক বা অফ পেপার, বিয়ে তো করেছি। রেজিস্ট্রি করার সময় ছিল না। বাইরে বিয়ে হয়েছিল। ফিরেই সংসদে শপথ নেওয়ার কথা ছিল। একের পর এক কাজের মাঝে সময় বয়ে গিয়েছিল। অতীত খুঁড়তে চাই না। তবে পরিষ্কার করতে চাই সব ধোঁয়াশা। ওদের তরফ থেকে আইনি চিঠি এসেছিল। যেখানে বলা হয়েছিল,আইনসিদ্ধ বিয়ে নয় বলে এটাকে বিয়ে হিসেবে ধরা হবে না। এই কথাটাই হয়ত আমি সঠিকভাবে মানুষকে বোঝাতে পারিনি। এত কিছু হল, গোটা ভারত যা দেখল সেটা সত্যি নয়, তা আমি কী করে বলতে পারি! এটা বলিওনি। আইনসিদ্ধ হোক বা না হোক বিয়ে তো করেছিলাম।”
আরও পড়ুন:Kaushik Ganguly:ছবি পোস্ট করতেই চরম ট্রোলের মুখে পরিচালক কৌশিক গাঙ্গুলী
যদিও এই দিন অভিনেত্রীকে তাঁর স্বামী যশ দাশগুপ্ত এবং তাদের সম্পর্কের জটিলতা নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেত্রী বলেন, “সব সম্পর্কেই তার পার্টনারের ওপর একটা সম্মানের দৃষ্টিভঙ্গি থাকা দরকার। এখন আমি ঠিক করে নিয়েছি আমার ব্যক্তিগত জীবন নিয়ে অন ক্যামেরা আমি কিছুই বলব না। ব্যক্তিগত জীবনটা আমি সম্পূর্ণরূপে ব্যক্তিগত রাখতে চাই। এটা আমি যশের থেকেই শিখেছি। ও কোনো সাক্ষাৎকারে কোনোদিন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেনি। আমিও সেই পথ অবলম্বন করব।”
নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলসা করে বলতে না চাইলেও বন্ধুত্বের সমীকরণ নিয়ে কথা বলতে দেখা যায় অভিনেত্রীকে। এই প্রসঙ্গে নুসরাত বলেন, “এর আগেও আমি আইটেম গানে নাচ করেছি। দেব-মিমি অভিনীত ‘যোদ্ধা’-তে,আমার ‘দেশি ছোড়ি’ গান যথেষ্ট পরিমাণে জনপ্রিয় হয়েছিল। এবারেও লিড ক্যারেক্টারে মিমি। মিমি অভিনেত্রী হিসাবে অসাধারণ। আর বন্ধুদের মধ্যে কোনোরকম চ্যালেঞ্জ বা প্রতিযোগিতার জায়গা থাকে না।”
তাহলে কি মিমি চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব আবার ফিরে এল? নুসরাত বলেন, “এত সময় আমি মিমি,অঙ্কুশ, শ্রাবন্তী আমরা সবাই একসাথে ছিলাম। বর্তমানে সবার সাথেই দূরত্ব তৈরি হয়েছে। সবাই নিজের নিজের একটা পথ বেছে নিয়েছে। সেই ক্ষেত্রে ক্রমাগত দূরত্ব বেড়েছে বিভিন্ন কারণে। আর তাছাড়া এখন বন্ধুত্ব রাখতে চাইলেও মানুষ কি আর বন্ধুত্ব রাখতে দেয়?” এই প্রশ্ন করেছেন নুসরাত। এর পাশাপাশি স্পষ্টভাবে জানিয়েছেন, “অঙ্কুশের সঙ্গে তার কোনোদিনই প্রেমের সম্পর্ক ছিল ন, যা ছিল তা বন্ধুত্বের।”
এরপর নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে তিনি বলেন, “দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) আমাদের ইন্ডাস্ট্রির ছেলেমেয়েদের যথেষ্ট আপন করে নিয়েছেন। তিনি সকলকে একসঙ্গে নিয়ে চলেছেন। আমার চোখে মানুষ হিসাবে দিদি অন্য জায়গায় রয়েছেন। আমি তাঁকে যথেষ্ট শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তাই তিনি যদি কখনও আবার বলেন, আমার পক্ষে না বলা সম্ভব নয়।” তবে এখন রাজনীতি থেকে অনেকটাই দূরে রয়েছেন নুসরাত জাহান। এক কথায় বলতে গেলে স্বামী সন্তান এবং তাঁর পরিবার নিয়ে যথেষ্ট পরিণত হয়ে উঠেছেন অভিনেত্রী।