Raja-Madhubani:”আমাদের দেখে একটু শিখুন তাহলে ভালো হবে জীবনে, উন্নতি হবে,দমাতে পারবে না,চেষ্টা করে যাও…”,নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলেন মধুবনী,সঙ্গে দিলেন তাঁদের উদ্দেশ্যে পরামর্শ
টলিপাড়ার জনপ্রিয় দম্পতি রাজা গোস্বামী এবং মধুবনী গোস্বামী। সম্প্রতি ব্যাগের ব্যবসা শুরু করেছেন এই তারকা জুটি। অনলাইনে বিক্রিও হচ্ছে রমরমিয়ে। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, কম দামের ব্যাগ কিনে সেটিকে চড়া দামে বিক্রি করছেন রাজা-মধুবনী। বেশ কয়েকদিন ধরেই তাঁদের ব্যবসা-সম্পর্কিত নানা পোস্টে ধেয়ে আসছে কটাক্ষ। চর্চার শিরোনামে এই জুটি। কখনও সন্তানের জন্য কেরিয়ার ছাড়া নিয়ে তাঁর নানান কথা, তাঁর সাজ, কখনও তাঁর ব্যবসার প্রচার ইত্যাদি নানা কারণে মাঝেমাঝেই অভিনেত্রীকে ট্রোলের শিকার হতে হচ্ছে। তবে এই সব কিছুর এবার কড়া ভাষায় জবাব দিলেন মধুবনী। তুলোধনা করলেন নেটিজেনদের।
সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানেই অভিনেত্রীকে বলতে শোনা যায়,”শেষ কিছুদিন ধরে আমি দেখছি যে, আমি যাই করি না কেন সেটাই খবর হয়ে যাচ্ছে। ফেসবুকে পোস্ট দিই বা আমার চুলের রং বদলাই বা ব্যবসা শুরু করি সবটা নিয়েই দেখছি আলোচনা হচ্ছে। ভালো, আপনারাই করছেন, আমাকে খবরে রাখছেন তার জন্য ধন্যবাদ জানাতে চাই।
আমি, রাজা আমরা দু’জনেই পরিশ্রমী মানুষ। ফালতু জিনিসে সময় নষ্ট করা আমরা একদম পছন্দ করি না। তাই ভালোর পাল্লাটা ১০০ শতাংশ ভারী। কিন্তু যে খারাপগুলো আছে সেগুলো শেষ কয়েকদিনে আমাদের সামনে এমনভাবে এসেছে যে, আমি আর রাজা আলোচনা করছিলাম, মানুষ কী হয়ে গিয়েছে তাই না? কেউ যদি নতুন কোনও ব্যবসা করতে চায়, বা নতুন কোনও কিছু করতে চায় সেখানে পা দুটো টেনে নীচে কীভাবে নামাব বা তাঁকে নামিয়ে মাটিতে আঁচরে ফেলতে পারব সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে তাই না? কেন উড়বে আকাশে? কেন এত কিছু কিরবে? এটাই তো এখন বেশিরভাগ মানুষ ভাবছেন। অনেকের কমেন্ট পড়লাম। সেখানে লেখা ‘অভিনয়টাই করতে বাপু, এই সব আবার করার কী দরকার?’ কেন শুধু অভিনয় করতে হবে? আমার যদি ক্ষমতা থাকে যে, আমি অভিনয়ের পাশাপাশি আরও অনেক কিছু করতে পারি, তাহলে আমি শুধু অভিনয়তে কেন আটকে থাকব? আমাকে বোঝান? আমি সবই করব।”
কিছুদিন আগে ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন,
“এই তো কয়েকদিন আগে নম্বর ১ চ্যানেলে একটা ক্যামিও চরিত্র করলাম। দারুণ রেটিং এসেছে সেখানে। আপনারা দেখলেন তো। আপনারাই বলেছেন কী ভালো অভিনয়। তার মানে আমি সেটাও পারি, এটাও পারি সবই পারি। তাহলে করব না কেন বস? কেন করব না? আমি অবাক হয়ে যাই লোকজনের কথায়। কীভাবে পা দুটোকে ধরে টেনে নীচে নামাবে। কিন্তু আমি আর রাজা ভীষণ জেদি। তাই চেষ্টা করে যান, আমাদের দমাতে পারবেন না। যাঁরা আমদের সারাক্ষণ ট্রোল করে যাচ্ছেন, আমাকে রাজাকে অ্যাটাক করে যাচ্ছেন, তার ১ বা ২ শতাংশ আপনাদের করা হলে আপনারা কাজই করতে পারতেন না। আর সেখানে আমরা একটার পর একটা নতুন ব্যবসা শুরু করছি, এগিয়ে যাচ্ছি। আমাদের দেখে একটু শিখুন তাহলে ভালো হবে জীবনে, উন্নতি হবে।”