Mrunal-Anushka:“আমি কিন্তু কাজ করছি। এটাই আমার কাছে জয়…” বিপাশার পর এবার অনুষ্কাকে নিশানা ম্রুণাল ঠাকুরের! “অসম্ভব নীচু মনের মেয়ে” কটাক্ষের শিকার নায়িকা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা ম্রুণাল ঠাকুর। সম্প্রতি বলিউডের জনপ্রিয় বাঙালি অভিনেত্রী বিপাশা বসুকে ‘পুরুষালি’ বলে কটাক্ষের শিকার হন এই দক্ষিণী নায়িকা। আর এবারে ম্রুণাল ঠাকুরের নিশানায় অনুষ্কা শর্মা। দক্ষিণী ছবি ‘সীতারামন’ করে মুহূর্তের মধ্যেই খ্যাতির চূড়ান্তে পৌঁছে গিয়েছিলেন ম্রুণাল ঠাকুর। তবে বারেবারে বলিউডের নায়িকাদের নিয়ে বিরূপ মন্তব্যের কারণে কটাক্ষের শিকার হতে হচ্ছে এই খ্যাতনামা অভিনেত্রীকে।
আরও পড়ুন:Rituparna Sengupta:হাউহাউ করে কাঁদছেন ঋতুপর্ণা! কি ছিল মর্মান্তিক সেই কাহিনী? যার জন্য কাঁদলেন তিনি?
সলমন খানের বিপরীতে ‘সুলতান’ ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল দক্ষিণী এই নায়িকার। কিন্তু বাদ পড়েছিলেন অভিনেত্রী। তারপরে সেই জায়গাতেই অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। এই প্রসঙ্গে এবার নাম না করেই অনুষ্কাকে খোঁচা দিলেন ম্রুণাল ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ‘কোন ছবিতে তাঁকে নেওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে প্রত্যাখ্যান করা হয়েছিল বা তিনি নিজে প্রত্যাখ্যান করেছেন কিনা।’ এর উত্তরে ম্রুণালকে বলতে শোনা যায়, “এমন বহু ছবি রয়েছে। আমি নিজে প্রস্তুত ছিলাম না বলে প্রত্যাখ্যান করেছি বেশ কিছু ছবি। বিতর্ক শুরু হয়ে যাবে ছবির নাম বললে। একটি ছবি দারুণ সফল হয়েছিল। ছবির নায়িকাকে এগিয়ে যেতে এই ছবির বড় অবদান রয়েছে ঠিকই। কিন্তু পরে আমি বুঝেছি, এই ছবিতে কাজ করলে পরে আমি হারিয়ে যেতাম।”
এই ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ছবির নায়িকা তখন খ্যাতির শীর্ষস্থান দখল করে নিলেও এখন সেই নায়িকার কোনো কাজ নেই। তিনি আরও বলেন, “ওই নায়িকা তো এখন কাজই করছেন না। আমি কিন্তু কাজ করছি। এটাই আমার কাছে জয়। কারণ আমি রাতারাতি খ্যাতি বা সন্তুষ্টি চাই না। কারণ হঠাৎ করে যা আসে, তা হঠাৎ করেই চলে যায়।”
কোনো ছবির নাম বা সেই নায়িকার নাম উল্লেখ না করলেও ম্রুণালের এই মন্তব্য শুনে নেট নাগরিকরা মনে করছেন তিনি এই খোঁচা দিয়েছেন অনুষ্কা শর্মাকে। অথচ অনুষ্কার শর্মা নিজের ইচ্ছায় বলিউড সিনেমা থেকে মুখ ফিরিয়েছেন বলেই শোনা গিয়েছে বহুবার। ম্রুণালের এমন বক্তব্যে এক মন্তব্য এসেছে, “অনুষ্কা স্বেচ্ছায় আর ছবিতে কাজ করছেন না। তাই ম্রুণালের এই মন্তব্য মূর্খামি ছাড়া কিছু নয়।” এছাড়াও এক নেটনাগরিক লেখেন, “অসম্ভব নীচু মনের মেয়ে। অন্য মহিলাকে অসম্মান করতেই হবে ওঁকে।”