Soumitrisha Kundu:‘দাঁড়াতে পারছি না, শারীরিক ও মানসিকভাবে…’, জন্মাষ্টমীর দিনে কেন এমন বললেন ছোটপর্দার ‘মিঠাই’ ওরফে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু?
জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক দিয়ে ক্যারিয়ারের শিখরে পৌঁছে এখন কেন শারীরিক এবং মানসিক কষ্ট সৌমিতৃষার? সোশ্যাল মিডিয়ায় এসে কী বললেন অভিনেত্রী? অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু কৃষ্ণভক্ত, এই কথা তাঁর প্রায় সব অনুরাগীরাই জানেন। নিজের জন্মদিন কিংবা গোপালের জন্মদিন- সবসময়ই বৃন্দাবন থেকে টান অনুভব করেন অভিনেত্রী।
‘প্রধান’ এবং ‘কালরাত্রি’র মত জনপ্রিয় ছবি এবং ওয়েব সিরিজের পর আর ছোটপর্দা বা বড়পর্দায় দেখা যায়নি জনপ্রিয় অভিনেত্রীকে। জন্মাষ্টমীর সকালেই নিজের মন খারাপের কথা সকলের সঙ্গে ভাগ করলেন সৌমিতৃষা।
চোখে মুখে ক্লান্তির স্পষ্ট ছাপ নিয়ে গোলাপি পোশাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে জন্মাষ্টমীতেই নিজের কষ্টের কথা সবার সঙ্গে শেয়ার করলেন তিনি। জানালেন, “এত শারীরিক অসুস্থতা। দাঁড়িয়ে থাকতে না পারা, কাজ করতে না পারা— সব মিলিয়ে মানসিক শান্তি চলে গিয়েছিল। জন্মাষ্টমীর আবহে শারীরিক,মানসিক কষ্ট সব যেন হাওয়া। বারবার মনে হচ্ছে যদি ছুটে বৃন্দাবন চলে যেতে পারতাম। কিন্তু এখন এতটা যাওয়া সম্ভব নয়।”
অভিনেত্রীর জীবনের যেকোনো বিশেষ দিন তিনি উদযাপন করেন বৃন্দাবনে গিয়ে। তবে কৃষ্ণভক্ত সৌমিতৃষা আজ জন্মাষ্টমীর দিনে কেন গৃহবন্দী? তবে কি নিজের জীবনে অন্য কোন সমস্যার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী, নাকি শুধুই শারীরিক অসুস্থতা?
‘মিঠাই’ ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর সৌমিতৃষাকে নিয়ে একাধিক গুঞ্জন ওঠে সোশ্যাল মিডিয়ায়। তাঁর সাথে সম্পর্ক নেই ধারাবাহিকের অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর। অভিনেত্রীকে ভিডিওতে বলতে শোনা যায়, “আগে ভাবতাম ঈশ্বরের ভক্ত মানে ভাল থাকার ভিআইপি পাস পেয়ে যাব সহজে। এখন দেখছি সবই উল্টো। যে ঈশ্বরের ভক্ত তাঁকে বেশি কষ্ট পেতে হয়। পরমভক্ত হওয়ার পরীক্ষা দিতে হয়।”
তাহলে কি কোন বিশেষ কারণে ভালো নেই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু? কী সেই কারণ? অভিনেত্রীর ঠিক কি হয়েছে, তা নিয়ে বর্তমানে ধোঁয়াশা রয়েছে। নিজের শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে সোশ্যাল মিডিয়ার সর্বসমক্ষে কিছুই জানাননি অভিনেত্রী।