Shruti-Swarnendu:স্ত্রীকে বিশেষ বার্তা স্বামী ওরফে পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের,খোলা চিঠিতে কী লিখলেন স্ত্রীকে উদ্দেশ্য করে?
কাটোয়া থেকে কলকাতায় আসা মেয়েটা আজ ছোটো থেকে বড়পর্দায় দাপিয়ে অভিনয় করে চলেছে। কালো বলে কম কথা সহ্য করতে হয়নি অভিনেত্রী শ্রুতি দাসকে। কিন্তু অদম্য ইচ্ছা শক্তি ও মনের জোর দিয়ে সব বাঁধা পেরিয়ে এসেছেন অভিনেত্রী। বর্তমানে চুটিয়ে কাজ করছেন তিনি। নিজের অভিনয় দিয়ে মুখ বন্ধ করেছেন নেটিজেনদের কুমন্তব্য।
২০২৩ সালে শেষবার ছোটপর্দায় অভিনয় করেছিলেন শ্রুতি। অনেকেই তাঁকে মিস করছিলেন। ভেবেছিলেন হয়ত, আর ছোটপর্দায় ফিরবেন না তিনি। কিন্তু আবারও দু’বছর তিনি ফিরে এলেন ছোটপর্দায়।
আরও পড়ুন:Ahona-Sohini:সোহিনীকে বিশেষ বার্তা অহনার সঙ্গে বর্তমান সমাজে মায়েদের উদ্দেশ্যে কি বললেন অভিনেত্রী?
জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’। এই ধারাবাহিকে দুই বোনের মধ্যে বড় বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস এবং ছোট বোন আরাত্রিকা মাইতি। ‘নিশা’ ও ‘উজি’, এই দুই বোনের রসায়ন ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকের।
অনুরাগীরা তাঁর প্রিয় অভিনেত্রীকে পুরানো ছন্দে ফিরে পেয়ে বেজায় খুশি। সঙ্গে খুশি অভিনেত্রী নিজেও। পাশাপাশি স্ত্রীর আনন্দে আনন্দিত স্বামী স্বর্ণেন্দুও।
আরও পড়ুন:Srabanti Chatterjee:ঘোড়ায় চড়ে অভিনব প্রচার ‘দেবী চৌধুরানী’র। কী বলছেন দর্শক?
সোশ্যাল মিডিয়ায় জীবনসঙ্গিনীকে নিয়ে একটি খোলা চিঠি লিখেছেন স্বর্ণেন্দু। লেখেন,”ফিরে আসা সব সময় সুখকর। এই লড়াইয়ের একটা আলাদাই মজা আছে। আর তোমার লড়াইয়ের কথা তুমি সব থেকে ভালো জানো। নিশার লড়াইটা যেন আরও কঠিন! কোনও কিছু নিয়ে ধৈর্য ধরে পড়ে থাকা কাকে বলে সেটা আলাদা করে তোমাকে আর বলার প্রয়োজন নেই। মন থেকে অভিনয় করার, আলাদা কিছু করার সেই জেদ ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ধরেই রেখেছিলে তুমি, এই জেদ ধরে রাখবে নিশার মধ্যেও। এভাবে বারবার ফিরে এসো তোমার অভিনয়ের খিদে মেটাতে!! শুভেচ্ছা এবং ভালোবাসা।”
কাছের মানুষের কাছ থেকে এমন বার্তা পেয়ে সেই পোস্টের কমেন্টে আবেগতাড়িত শ্রুতি লেখেন, “পাশে থেকো এভাবেই।”
উল্লেখ্য,অভিনয় জীবনের শুরুটা স্বর্ণেন্দুর হাত ধরেই করেছিলেন শ্রুতি। শুটিংয়ের সেটেই তাঁদের আলাপ,ভালোবাসা তারপর বিয়ে। স্ত্রীর জীবনের প্রতিটা পদক্ষেপ খুব কাছ থেকে দেখেছেন স্বর্ণেন্দু। তাই আবার ছোটপর্দায় শ্রুতিকে ফিরে আসতে দেখে ভীষণ খুশি পরিচালক।