Iman Chakraborty: বঙ্গবিভূষণ পুরস্কার ঘিরে বিতর্ক, কুরুচিকর ট্রো’ল এবং ব্যক্তিগত আক্রমণের জেরে কিছুদিন আগেই সমাজমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী(Iman Chakraborty)। তবে সেই সিদ্ধান্তে এবার পরিবর্তন আনতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee)-এর পরামর্শ মেনে খুব শীঘ্রই আবার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হতে চলেছেন ইমন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই সেই কথা জানিয়েছেন শিল্পী।
কিছুদিন আগেই ইমন ঘোষণা করেছিলেন যে তিনি আর ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। তাঁর হয়ে শুধুমাত্র কাজ সংক্রান্ত আপডেট শেয়ার করবে তাঁর টিম। বঙ্গবিভূষণ সম্মান পাওয়ার পর তাঁর মা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করা হয় সমাজমাধ্যমে, যা গভীরভাবে আঘাত করেছিল তাঁকে। সেই ঘটনার পরই তিনি সমাজমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে পরিস্থিতি বদলেছে। এবার মুখ্যমন্ত্রীর পরামর্শেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দিলেন গায়িকা।
এই প্রসঙ্গে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমন বলেন, তিনি মুখ্যমন্ত্রীর কথা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কথায়, “আমি দিদির কথাটা শিরোধার্য করলাম। আসলে ঘটনাটা আমাকে খুব কষ্ট দিয়েছে। কথাগুলো খুব মনে লেগেছে। তাই মনটা ঠিক হতে হয়তো একটু সময় লাগবে। আমার সম্পর্কে কিছু বলা হলে হয়তো এতটা খারাপ লাগত না, কিন্তু আমার পরিবারের কাউকে নিয়ে খারাপ কথা বললে সেই কষ্টটা অনেক বেশি সময় ধরে থাকে। তবে আশা করছি খুব তাড়াতাড়িই স্বাভাবিক হয়ে উঠব।”
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্পর্কে কথা বলতে গিয়ে ইমন আরও জানান, তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসেন। তাঁর মতে, একজন মানুষ হিসেবে মমতা বন্দোপাধ্যায়ের প্রতি তাঁর গভীর সম্মান রয়েছে। সেই কারণেই মুখ্যমন্ত্রীর পরামর্শকে তিনি গুরুত্ব দিয়েছেন। ইমনের কথায়, “আমি ব্যক্তিগতভাবে দিদিকে ভীষণ ভালোবাসি। একজন মানুষ হিসেবে ওঁকে আমি খুব শ্রদ্ধা করি। তাই দিদির কথা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। ওঁর কথাই মেনে খুব শীঘ্রই আমি আবার সোশ্যাল মিডিয়ায় ফিরব।”
আসলে এই প্রসঙ্গটি সামনে আসে একটি টেলিভিশন অনুষ্ঠানে। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে এই বিষয় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখানে তিনি স্পষ্টভাবে বলেন, ইমনকে অযথা এবং অত্যন্ত খারাপভাবে ট্রোল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, “সেদিন ওর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। ওকে খুব বাজে ভাবে ট্রোল করা হয়েছে। আমি জানি না কেন এমন করা হল। আমরা তো শুধু ইমনকেই দিইনি। নচিকেতা, রূপঙ্কর, রাঘব, শ্রীজাত, শ্রীরাধা, বাবুল অনেককেই বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে। তাহলে শুধু ইমনকেই নিয়ে এত আক্রমণ কেন?”
একই সঙ্গে ইমনের সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সমাজমাধ্যমে কিছু অসামাজিক মানুষের জন্য কেন একজন শিল্পী নিজের উপস্থিতি সরিয়ে নেবেন? তাঁর বক্তব্য ছিল, “কেন ছাড়বে? বরং আরও বেশি করে ধরো। আনসোশ্যাল লোকেদের জন্য তুমি স্যোশ্যাল মিডিয়া কেন ছেড়ে দেবে?”
ঘটনার সূত্রপাত হয় ২৬ ফেব্রুয়ারি রাতে করা একটি পোস্টকে কেন্দ্র করে। সেই দিন রাত বারোটার সময় নিজের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি আবেগঘন পোস্ট করেছিলেন ইমন চক্রবর্তী। তিনি জানান, ১২ বছর আগে এই দিনেই তিনি তাঁর মাকে হারিয়েছেন। প্রতি বছর এই দিনটি তাঁর কাছে অত্যন্ত আবেগের। তাই স্বাভাবিকভাবেই তিনি সেই স্মৃতিচারণের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
কিন্তু সেই পোস্টের কমেন্ট বক্সেই এক ব্যক্তি এমন একটি মন্তব্য করেন, যা অত্যন্ত কুরুচিকর বলে মনে করেন ইমন। ওই মন্তব্যে তাঁর মা সম্পর্কে অবমাননাকর কথা লেখা হয়। সেই মন্তব্যের প্রতিবাদ জানাতেই ফেসবুক লাইভে আসেন গায়িকা। লাইভে এসে তিনি জানান, “গতকাল আমি আমার মায়ের মৃত্যুদিনে একটা পোস্ট করেছিলাম। সেখানে হঠাৎ একটা কমেন্ট দেখি, যেখানে লেখা হয়েছে আপনার মাকে ডাকুন। আপনার মায়ের দেখা উচিত যে আপনি পাঁচালী গেয়ে, চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন, এবার আপনি নোবেল পাবেন।”
এই ধরনের মন্তব্যে গভীরভাবে আহত হয়েছিলেন ইমন। ফেসবুক লাইভেই তিনি জানান, এমন পরিস্থিতিতে তাঁর পক্ষে সমাজমাধ্যমে সক্রিয় থাকা কঠিন হয়ে পড়ছে। সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ব্যক্তিগতভাবে আর কোনও পোস্ট করবেন না। তাঁর হয়ে শুধু তাঁর টিম কাজ সংক্রান্ত তথ্য শেয়ার করবে।
লাইভের শেষে তিনি স্পষ্ট করে দেন যে তিনি নিজে আর সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগতভাবে কিছু লিখবেন না। তবে তাঁর কাজ, গান বা অন্যান্য পেশাগত আপডেট তাঁর টিম এবং তাঁর এক ভাই সমাজমাধ্যমে তুলে ধরবেন। কারণ, যেভাবে তিনি কটাক্ষ এবং ট্রোলের শিকার হয়েছেন, তাতে এই প্ল্যাটফর্ম থেকে কিছুটা দূরে থাকাই তাঁর কাছে তখন সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছিল।
তবে এখন পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্য এবং সমর্থনের পর আবারও সমাজমাধ্যমে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন ইমন চক্রবর্তী। যদিও এখনও তাঁর মন পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন তিনি, তবুও খুব শীঘ্রই তিনি সোশ্যাল মিডিয়ায় ফিরে আসবেন বলেই আশাবাদী তাঁর অনুরাগীরা।