Shruti-Sohini:এক লহমায় সবশেষ হয়ে গেল,সন্তানকে জন্ম দিলেন বটে, কিন্তু মা হওয়া আর হল না, সন্তানের মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়লেন মেকআপ আর্টিস্ট সোহিনী গঙ্গোপাধ্যায়। এই কঠিন লড়াইয়ে বন্ধু সোহিনীর পাশে দাঁড়ালেন শ্রুতি
‘মা’ এই শব্দটার মধ্যে লুকিয়ে আছে একরাশ ভালোবাসা,আবেগ,স্নেহ, মমতা। একটা সন্তানকে নিজের মধ্যে বেড়ে ওঠার প্রথম উপলব্ধি একজন মা পান। সন্তানের মুখ থেকে ‘মা’ ডাকটা শোনার জন্য অধীর আগ্রহে থাকেন একজন মা। কিন্তু এক পলকেই সবশেষ।
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার সুবাদে এবং একজন মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য সোহিনী গঙ্গোপাধ্যায়কে বহু মানুষ চেনেন। সমাজমাধ্যমের পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ তিনি। প্রায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করে থাকেন। তেমনই অন্তঃসত্ত্বা থাকাকালীন অবস্থার প্রতিটি খুশির মুহূর্ত ভাগ করে নিতেন তিনি। গর্ভাবস্থা চলাকালীন পেটে জগন্নাথ দেব এঁকে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিলেন তিনি। আগত সন্তানকে নিয়ে বুনেছিলেন হাজারো স্বপ্ন,সঙ্গে মা হওয়ার প্রতিটা মুহূর্তকেই উপভোগ করছিলেন সোহিনী। কিন্তু এত আনন্দ, এত উচ্ছ্বাস সবকিছুই যেন মুহূর্তে মিলিয়ে গেল। সন্তানকে জন্ম দিলেন বটে, কিন্তু মা হওয়া আর হল না। ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়ে গিয়েছে এই খবরটি।
কাছে থেকে নাহলেও দূর থেকে সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। শ্রুতি বলেন,”এই মুহূর্তে আউটডোরে, তাই সোহিনীর কাছে যেতে পারিনি। তবে অনিদার সঙ্গে কাল অনেক রাত পর্যন্ত কথা হয়েছে। প্রসবের সময় এই দুর্ঘটনাটা ঘটেছে। সোহিনীর প্রাণ সংশয় ছিল কিন্তু এখন তা কেটে গিয়েছে। ঈশ্বর ওকে শক্তি দিক সব কিছু সহ্য করার। ও আমার পারিবারিক বন্ধু।” সোহিনীর এই পরিস্থিতিতে তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন প্রিয়জনেরা।