Aparajita Adhya:“ওরা তো এগুলো পারেই না!” নতুন প্রজন্মকে কটাক্ষ করলেন অপরাজিতা আঢ্য! কোন বিষয়কে নিয়ে এমন মন্তব্য অভিনেত্রীর?
বাংলা সিনেমা জগতের জনপ্রিয় নাম অপরাজিতা আঢ্য। নিজের পরিপাটি সংসার সামলানোর পাশাপাশি এখনও পর্যন্ত টিভির পর্দায় দেখতে পাওয়া যায় এই অভিনেত্রীকে। রান্না তাঁর অন্যতম শখের মধ্যে পড়ে। সব রান্নার মধ্যে ইলিশ অন্তঃপ্রাণ অপরাজিতার। এমনকি নিজের হাতে অনায়াসেই কেটে ফেলতে পারেন একের পর এক ইলিশ মাছ। মাঠ বিক্রেতাদের মতই দক্ষ হাতে এই কাজ করে থাকেন অভিনেত্রী। এই বিষয়ে অভিনেত্রীর দাবি, নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যেই অন্যতম হল মাছ কাটা। তাই এই কাজ সবারই জানা উচিত।
প্রতিদিনের জীবনে আমাদের যে সমস্ত কাজে দক্ষ হয়ে ওঠার প্রয়োজন তার মধ্যে গুরুত্বপূর্ণ মাছ কাটা -এমনই মতামত অপরাজিতার। তবে আজকের প্রজন্ম এইসব করতে পারেনা। সেই প্রসঙ্গেই অভিনেত্রী বলেন, “আমি যে বঁটিতে মাছ কাটলাম, ওটায় তো ধারই ছিল না। মাছবিক্রেতারা নিজেরাই কেউ ওই বঁটিতে মাছ কাটতে পারবেন না। এত খারাপ ছিল বঁটিটা যে, ফলও কাটা যাবে না। এগুলো তো ছোটবেলা থেকে শিখেছি। লেখাপড়ার সঙ্গে এগুলো তো শিখতেই হবে, বাড়িতে প্রথম থেকে এমনই বোঝানো হয়েছে।” সম্প্রতি শহরের এক অনুষ্ঠানে এসেছিলেন তিনি। সেখানেই এমন এক মুহূর্তের সাক্ষী থাকল সবাই।
এছাড়াও অভিনেত্রীকে বলতে শোনা যায়, ছোটবেলা থেকেই মাছ, মাংস, ফল, এমনকি সবজি কাটার অভ্যাস গড়ে তোলা হয়েছে বাড়িতেই। জীবনের বিভিন্ন কাজকর্মের মধ্যে এই বিষয়গুলি না জানা থাকলে বড়ই সমস্যার মুখে পড়তে হয় বলে মত অভিনেত্রী। অভিনেত্রী এই বিষয়ে জানান, “ছোটবেলায় পাশের বাড়ির কাকিমারাও মাছ বা সব্জি দিয়ে যেতেন কেটে রাখার জন্য। কেউ আবার আমাকে রান্না করে রাখতে বলে যেতেন। ছোটবেলা থেকেই সব শেখা। এই নিয়ে বাহবা দিতে চাই না নিজেকে।”
জীবনের পথে একসময়ের অভিনেত্রীকে রান্না করে স্কুলে যেতে হত। এক কথায় বলতে গেলে, নিজেই নিজের ভাত রান্না করে খেয়ে তবেই স্কুলে যেতে পারতেন। পাশাপাশি অবশ্য রাতে পড়াশোনা শেষ করে রান্নাও করতে হত তাঁকেই। এই ঘটনার বর্ণনার পর অভিনেত্রীকে নতুন প্রজন্মের উপর ক্ষোভ প্রকাশ করেই বলতে শোনা যায়, “এখন তো দেখি কেউ কিছুই পারে না। যে লেখাপড়া পারে, সে শুধুই লেখাপড়াটুকুই পারে। কিন্তু আমাদের সময়ে এগুলো করতে না পারলে, লোকে মুখের দিকে তাকিয়ে থাকত। আমার বাড়িতে তো বটেই।”
আরও পড়ুন:Partha-Barninee:শুধুই কী ফটোশ্যুট নাকি সত্যি আইবুড়োভাত খেলেন পার্থ-বর্ণিনী? আসল সত্যিটা কি?
বেশ কিছুদিন জি বাংলার রান্নাঘরের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। অভিনয় এবং অন্যান্য কাজের পাশাপাশি রান্না তাঁর অন্যতম পছন্দের বিষয়। তবে সমস্ত রান্নার মধ্যে ইলিশ খেতে খুবই ভালবাসেন অপরাজিতা। ইলিশ মাছ নিয়ে নানারকম পদ রান্না করেছেন অভিনেত্রী। তবে সবকিছুর মধ্যেই বাঙালির ইলিশ ভাপা বা ইলিশ পাতুরি অন্যতম পছন্দের তালিকায় রয়েছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যের।