Pallavi Sharma: নতুন চরিত্রে নতুন রূপে ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা,কোন চ্যানেলে আসছে ধারাবাহিকটি?
মাঝে নিয়েছিলেন কিছুদিনের ছুটি,আবারও পর্দায় ফিরছে অভিনেত্রী পল্লবী শর্মা। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে তাঁর দুর্ধর্ষ অভিনয় দেখে মুগ্ধ দর্শকমহল। তারপর আবারও ঘরের মেয়ে ঘরে ফিরছে। বিপরীতে অভিনয় করবেন ‘গৌরী এলো’ ধারাবাহিকের ঈশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। ‘গৌরী এলো’ ধারাবাহিক শেষ হওয়ার প্রায় আড়াই বছর পর ছোটপর্দায় ফিরতে চলেছেন বিশ্বরূপ।
জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি-ধরি মনে করি’ ধারাবাহিকে অভিনয় করবেন এই জুটি। সৃজিত রায় এবং সৌভিক চক্রবর্তী প্রযোজিত এই ধারাবাহিকে বিশ্বরূপের চরিত্র নাম হতে চলেছে ‘গোরা’। এই চরিত্রটি সাংসারিক জীবনের থেকে বেশি পছন্দ করে আধ্যাত্মিক জগতকে। এখানে পল্লবীর চরিত্রের নাম ‘রূপমঞ্জুরী’। ‘গোরা’র সঙ্গে যখন দেখা হয় ‘রূপমঞ্জুরী’র,তখন কি সে সাংসারিক জীবনের মোহ ত্যাগ করতে পারবে? ইতিমধ্যেই জোরকদমে চলছে ধারাবাহিকের শুটিং।
যদিও এই ধারাবাহিকের আগমনে কোন ধারাবাহিক শেষ হয়ে যাবে, সেটা এখনও জানা যায়নি। অন্যদিকে পল্লবীকে আবার ছোটপর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন ভক্তরা। তবে জি বাংলার পর্দাতেই পল্লবীর ফিরে আসা অনেকটা ঘরে ফেরার মতো, এতে শুধু পল্লবী একা নন, দর্শকরাও ভীষণ খুশি।