রেলের নতুন অ্যাপে মিলবে সব পরিষেবা। রেল যাত্রীদের সব সমস্যার সমাধান মিলবে এক প্ল্যাটফর্মে।
ভারতীয় রেলওয়ে RailOne অ্যাপ চালু করেছে। জানেন কি এই অ্যাপে ঠিক কী কী পরিষেবা পাওয়া যাবে? রেলের সংরক্ষিত, অসংরক্ষিত এবং প্ল্যাটফর্ম টিকিট পাওয়া যাবে এই অ্যাপে। চেক করে নেওয়া যাবে PNR স্টেটাস, কোনও স্টেশনে আপনার কোচের অবস্থান কী, সেসব কিছুই।
দূরপাল্লার ট্রেনের টিকিট কেটেছেন? এই অ্যাপ থেকেই খাবার অর্ডার দিয়ে দিতে পারবেন। আপনার ট্রেনটি কোন সময় কোন স্টেশন পার করছে, এতদিন তা জানতে অন্য অ্যাপে নজর রাখতে হত। এবার রেল ওয়ানই দিয়ে দেবে সেই তথ্য।
ভারতীয় রেল পরিষেবা নিয়ে কোনও অভিযোগ থাকলে, তাও জানানো যাবে এই অ্যাপের মাধ্যমেই। রেলের তরফে জানানো হয়েছে, অভিযোগ পেলেই উত্তর দেওয়া হবে। প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপও করা হবে। বাতিল টিকিটের টাকা ফেরত সংক্রান্ত যাবতীয় তথ্যও আপনাকে দেবে এই অ্যাপ। রেলমন্ত্রকের দাবি, এই সমস্ত পরিষেবা একছাতার নিচে পেলে যাত্রীদের নিঃসন্দেহে দারুণ সুবিধা হবে।