Ambarish Bhattacharya:নেতিবাচক বা ইতিবাচক বা প্রেমের দৃশ্য অথবা হাস্যরসাত্মক, যেকোনো ধরনের চরিত্রে সাবলীল অভিনয় করে গেছেন টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। তাঁর অভিনয়ের পাশাপাশি অনেক মানুষ তাঁর মুগ্ধ ব্যক্তিত্বে। লীনা গাঙ্গুলীর ধারাবাহিক ‘শ্রীময়ী’, ‘খড়কুটো’, ‘গুড্ডি’ ‘রোশনাই’-এ ইতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। বেশ কিছুদিন পরে ‘চিরসখা’ ধারাবাহিকের হাত ধরে ‘অয়নদীপ’ চরিত্রের মাধ্যমে ছোটপর্দায় ফিরেছেন। প্রথমদিকে চরিত্রটি নেতিবাচক দেখানো হলেও এখন কিছুটা দুষ্টুমি, কিছুটা রোম্যান্সে ভরপুর।
ধারাবাহিকের কাহিনিতে দেখানো হচ্ছে, কমলিনীর ননদ ‘কুর্চি’র স্বামী ‘অয়নদীপ’ স্ত্রীর সঙ্গে অনেক দিন সম্পর্ক ছিল না। এখন আবার স্বামী-স্ত্রীর সম্পর্ক সহজ হচ্ছে। ‘কুর্চি-অয়নদীপ’-এর রোমান্টিক দৃশ্য দেখে বেজায় খুশি হয়েছিলেন। তাঁদের প্রেম, খুনসুটিতে মজে দর্শক। অভিনেত্রী রাজন্যা মিত্র এবং অম্বরীশ ভট্টাচার্যকে আগেও একফ্রেমে দেখেছে দর্শক। তবে এবার যেন ভিন্ন রকম চরিত্রে পর্দায় ধরা দিলেন তাঁরা। ‘চিরসখা’য় তাঁদের সমীকরণ কতটা জমল? সব মিলিয়ে কী প্রাপ্তি অভিনেতার?
অয়নদীপ চরিত্রটিকে পেয়ে ভীষণ খুশি অভিনেতা। অম্বরীশ বলেন, “লীনা গাঙ্গুলীর ধারাবাহিকে নায়ক-নায়িকা হল চিত্রনাট্য। চরিত্রটা অসাধারণভাবে বুনেছেন লেখিকা। যেখানে নেতিবাচক চরিত্র থেকে মোড় নিয়েছে অন্যদিকে। একটা কথা বলি, আমায় কিন্তু নেতিবাচক চরিত্রে কাস্ট করতেও মানুষজন ভয় পান। এখানে বিশেষ কৃতিত্ব প্রাপ্য পরিচালক দিগন্ত সিনহারও। যেভাবে প্রতিটি দৃশ্যকে সাজায় তা সত্যিই প্রশংসনীয়।”
নেতিবাচক ‘অয়নদীপ’-এর রোম্যান্টিক দিক ধীরে ধীরে ফুটে উঠছে দৃশ্যে। অম্বরীশ কি বাস্তবেও এমনই প্রেমিক মানুষ?
অভিনেতার জানান, “আমি বরাবরই খুব রোম্যান্টিক মানুষ। অত্যন্ত প্রেমিক মানুষ বলেই এখনও বিয়ে করিনি হয়তো। কারণ, মনে হয় যাঁরা খুব রোম্যান্টিক মানুষ তাঁরা যদি বিয়ে করে ফেলেন, তা হলে তো রোমান্স শেষ হয়ে যাবে। সেই জন্য আমার যাবতীয় রোমান্স ভাগ করে দিয়েছে সব চরিত্রের উপরে। অভিনেতা হিসেবে এই চরিত্রে নিজেকে দেখে খুব খুশি।” অভিনেত্রী রাজন্যা মিত্রের সঙ্গে আগেও অনেক ধারাবাহিকে দেখা গিয়েছে অম্বরীশকে। প্রায় ১০ বছরের সম্পর্ক তাঁদের। একসঙ্গে বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তাঁরা।
অভিনেতা জানালেন, তিনি মনে করেন এত বছরেও তাঁকে এধরনের চরিত্রে ভাবেননি কেউ। আর এখন ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করে তাতেই অভিনেতা খুশি। আগামী দিনে কোন দিকে মোড় নেবে ‘কুর্চি-অয়নদীপ’-এর সম্পর্ক, সেটাই দেখার অপেক্ষায় দর্শক।