Rashmika-Vijay:তারকা দম্পতির বিয়ে মানেই অনুরাগীদের উচ্ছ্বাস, সোশ্যাল মিডিয়ায় চর্চা আর অসংখ্য গল্প। সম্প্রতি এমনই এক আবেগঘন ঘটনা ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা(Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানা(Rashmika Mandanna), যাঁদের ভক্তরা ভালোবেসে ডাকেন ‘বিরোশ’ নামে। তাঁদের বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজনের মাঝেই এক খুদে ভক্তের অভিমানী ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর সেই ভিডিও ঘিরেই তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত।
গত ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে চারহাত এক হয়েছে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার। রাজকীয় আয়োজনের মধ্যেই সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। উদয়পুরের ঐতিহ্যবাহী পরিবেশে আয়োজিত এই বিয়ের উৎসব ছিল একেবারে গ্র্যান্ড সেলিব্রেশন। তবে বিয়ের আনন্দ শুধুমাত্র নিজেদের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি এই তারকা যুগল। সামাজিক দায়িত্ববোধের কথাও মাথায় রেখেছেন তাঁরা।
বিয়ের পর ভক্তদের সঙ্গে দেখা করে তাঁদের জন্য বিশেষ ভোজের আয়োজন করেন বিজয় ও রশ্মিকা। বহু অনুরাগী সেই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পান। কিন্তু সেই তালিকায় বাদ পড়ে যান তাঁদের এক ছোট্ট ভক্ত। আর সেই অভিমান থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের মনের কথা জানায় সে।
ভিডিওতে খুদে ভক্তকে বলতে শোনা যায়, “আমি কি তোমাদের ভক্ত নই? আমার কী হবে?”, এই সরল প্রশ্নেই যেন ধরা পড়ে তার শিশুসুলভ অভিমান। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মাধ্যমে সেটি পৌঁছে যায় অভিনেতা বিজয় দেবরাকোন্ডার কাছেও।
নিজের ভক্তের এমন অভিমানী প্রশ্ন এড়িয়ে যাননি বিজয়। বরং খুব দ্রুতই সেই ভিডিওর জবাব দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তেলুগু ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা জানান, তিনি সেই ছোট্ট ভক্তকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানাতে চান। শুধু তাই নয়, তার পছন্দের খাবার কী এবং কোন মিষ্টি সে খেতে ভালোবাসে সেটাও জানতে চান বিজয়।
অভিনেতার এই আন্তরিক জবাব মুহূর্তের মধ্যেই নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। বিজয়ের এই আচরণ অনেকের মন ছুঁয়ে যায়। বহু নেটিজেনই মন্তব্য করেন, এত জনপ্রিয়তার মধ্যেও অভিনেতা যে নিজের ভক্তদের প্রতি এতটা আন্তরিক, তা সত্যিই প্রশংসনীয়।
আসলে বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা বহুবারই তাঁদের আচরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন যে তাঁরা শিকড়ের কাছাকাছি থাকতে ভালোবাসেন। ব্যক্তিগত জীবনের বড় মুহূর্তেও সমাজের কথা ভাবার উদাহরণও এর আগেও দিয়েছেন তাঁরা।
গ্রামের বাড়িতে সত্যনারায়ণ পুজোর সময় গ্রামের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছিলেন এই তারকা জুটি। আবার হায়দরাবাদে ভক্তদের সঙ্গে দেখা করে তাঁদের জন্য বিশেষ ভোজের আয়োজনও করেছিলেন। ফলে ভক্তদের সঙ্গে তাঁদের সম্পর্ক যে শুধুমাত্র পর্দার মধ্যে সীমাবদ্ধ নয়, তা বারবার প্রমাণ করেছেন বিজয় ও রশ্মিকা।
অন্যদিকে তাঁদের বিয়ের আয়োজন নিয়েও ব্যাপক আলোচনা চলছে। দক্ষিণ ভারতীয় ঐতিহ্য মেনে বিয়ের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন করেছেন এই তারকা জুটি। তেলেগু এবং কোডাভা এই দুই প্রথা অনুসারেই সম্পন্ন হয়েছে তাঁদের বিয়ের আচার।
বিয়ের ছবিগুলি প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁদের সাজপোশাক। রাজকীয় বেশে বিয়ের মণ্ডপে হাজির হয়েছিলেন বিজয় দেবরাকোন্ডা। প্রাচীন প্রথা মেনে হাতে অসি নিয়ে মণ্ডপে প্রবেশ করেন তিনি। অন্যদিকে রশ্মিকা মন্দানা বিয়ের মণ্ডপে আসেন পালকি চড়ে। লাজুক নববধূর সেই আগমন মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
বিয়ের মেনু থেকে শুরু করে সাজসজ্জা—সবকিছুতেই ছিল দক্ষিণ ভারতীয় সংস্কৃতির স্পষ্ট ছাপ। বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল তামিলনাড়ুর ঐতিহ্যবাহী ধাঁচে। প্রতিটি আয়োজনেই ফুটে উঠেছিল দক্ষিণ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য।
এই বিয়ের আরেকটি আকর্ষণ ছিল তাঁদের পোশাক। কলকাতার ডিজাইনার অনামিকা খান্নার ডিজাইন করা পোশাকে সাজেন বিজয় ও রশ্মিকা। ঐতিহ্যবাহী সাজে তাঁদের উপস্থিতি বিয়ের অনুষ্ঠানকে আরও রাজকীয় করে তোলে।
সব মিলিয়ে বলা যায়, আতিশয্যের বদলে ঐতিহ্য ও শিকড়কে গুরুত্ব দিয়েই নিজেদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন এই তারকা জুটি। আর তার মধ্যেই এক খুদে ভক্তের অভিমান ও তার জবাবে অভিনেতার আন্তরিক প্রতিক্রিয়া—এই ঘটনাই এখন নেটদুনিয়ায় আলাদা করে নজর কেড়েছে।
বিয়ের উৎসবের মধ্যেও ভক্তদের কথা ভুলে না যাওয়ার এই ঘটনাই যেন আবার মনে করিয়ে দিল তারকারা যত বড়ই হোন না কেন, তাঁদের জনপ্রিয়তার আসল শক্তি কিন্তু সেই ভক্তরাই।