Payel Deb:”কেউ বলবে আমি মোটা, আমি শাসক দলের বলে ঘনিষ্ঠ তাই কাজ পাচ্ছি না…” টলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী পায়েল দেবের।
একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পায়েল দেব বর্তমানে দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে রয়েছেন। ‘এই পথ যদি না শেষ হয়’, ‘রাঙা বউ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন। ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে তাঁকে শেষ দেখা গিয়েছিল। কিন্তু তারপর থেকে কোথায় তিনি?
২০২৪ সালের ডিসেম্বর মাসে মনের মানুষের সাথে সাত পাক ঘুরে ছিলেন তিনি। জমিয়ে এখন সংসার করছেন অভিনেত্রী। তাঁর বিশ্বাস তিনি কাজ ও সংসার দুটোই একসাথে সামলাতে পারবেন। কিন্তু সুযোগ আসছে না তাঁর কাছে। তিনি জানান,অভিনয় করতে ভালোবাসেন,মিস করছেন সেট, মেকআপ রুম সবটা। তাঁর দাবি,তিনি কাজ করতে চান। কিন্তু কাজ পাচ্ছেন না। কিন্তু কেন কাজ পাচ্ছেন না? সেই কারণ অভিনেত্রীর কাছে স্পষ্ট নয়।
কাজের প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল দেব জানান,”খুব ভালো আছি সেটা বলতে পারছি না। সংসার খুব ভালো চলছে। নতুন বাড়িতে, নতুন সংসারে ভালো আছি। কিন্তু আমি কাজ করতে চেয়েছি, কাজ করতে চাই। কিন্তু পাচ্ছি না। কেউ বলবে পারিশ্রমিকের জন্য, কেউ বলবে অভিনয়টা পারে না, কেউ আবার বলবে আরও বেটার অপশন আছে, কেউ বলবে আমি মোটা, কেউ বলবে আমি শাসক দলের ঘনিষ্ঠ তাই কাজ পাচ্ছি না। যে কোনো কারণবশত কাজ আমার হচ্ছে না। আমি জানি না আসল কারণ কী।”
তিনি আরও জানান,”বলতে দ্বিধা নেই ওয়েব সিরিজ বা সিনেমা যারা বানায়, সেরকম কোনো লোককে আমি চিনি না। আমি জানি না কার সঙ্গে গিয়ে কাজ করতে হবে। আমি খুব কম প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছি। আমি তাঁদেরকেই অ্যাপ্রোচ করছি। আমার না কোনো পিআর আছে, না কিছু। তবে এখন সোশ্যাল মিডিয়ায় তোমার ফলোয়ার্স কত, এটা একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি এই দিকে পিছিয়ে আছি। যারা সবটা করছে, তাঁদের হ্যাটস অফ। আমাকে এদিকটা শিখতে হবে।”
অভিনেত্রীর কথায়, বর্তমানে কাজ পাওয়ার পিছনে সোশ্যাল মিডিয়ার বড় একটা যোগ রয়েছে। কিন্তু তিনি এই ব্যাপারটায় এখনও পটু হয়ে উঠতে পারেননি। রিল বানানো বা এডিট করতে পারেন না। অনেকেই তাঁকে ভ্লগিং করার পরামর্শ দিয়েছেন, বর নতুন ফোন কিনে দিয়েছে। শাশুড়ি ও মা ক্রমাগত উৎসাহ দিয়ে চলেছেন। কিন্তু তিনিই সেই ব্যাপারটা নিয়ে কনফিডেন্স পাচ্ছেন না। কারণ তিনি মনে করেন, তিনি ক্যামেরার সামনে শট দিতে পারবেন। এসব ভ্লগিং তাঁর দ্বারা হবে না। তবে কেন কাজের সুযোগ আসছে না তাঁর কাছে সেই বিষয়ে অভিনেত্রী নিজেও জানেন না বলে দাবি করেছেন।